ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন

ইসলামী ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির লেনদেনের তথ্য দিতে নতুন নির্দেশনা

ইসলামী ব্যাংক ও ইসলামী ফাইন্যান্স কোম্পানিগুলোর ইসলামিক ফাইন্যান্সিয়াল লেনদেনসংক্রান্ত তথ্য রিপোর্টিংয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগের ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ডেটাবেজ ইউনিট থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ২০২৬ জারি করা এ নির্দেশনায় দেশের সব ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের শাখা ও উইন্ডো এবং কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখা/উইন্ডোকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসলামী ফাইন্যান্স কোম্পানির শাখা ও উইন্ডোকেও এর আওতায় রাখা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ইসলামী ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো থেকে মাসিক ভিত্তিতে সংগৃহীত ইসলামিক ফাইন্যান্সিয়াল লেনদেনসংক্রান্ত তথ্য রিপোর্টিংয়ের জন্য একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে। ওই গাইডলাইনে ব্যবহৃত তথ্য-উপাত্তের ডাটা টেমপ্লেটে কিছু ক্ষেত্রে সংযোজন, বিয়োজন, পরিবর্ধন এবং পুনর্গঠন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন গাইডলাইন অনুযায়ী দেশের সব ইসলামী ব্যাংক, কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখা/উইন্ডো এবং ইসলামী ফাইন্যান্স কোম্পানির শাখা/উইন্ডোকে তাদের ইসলামিক ফাইন্যান্সিয়াল লেনদেনসংক্রান্ত তথ্য প্রতি মাসের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে নির্ধারিত নিয়মে দাখিল করতে হবে।

নতুন নির্দেশনায় পুরোনো তথ্য দাখিলের ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এ বছরের সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসের তথ্য পুরোনো ডাটা টেমপ্লেট অনুযায়ী দাখিল করার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রস্তুত করা গাইডলাইনসংবলিত নতুন ডাটা টেমপ্লেট অনুযায়ীও তথ্য দাখিল করতে হবে।অন্যদিকে, ডিসেম্বর মাসের তথ্য থেকে পরবর্তী সব মাসের তথ্য শুধু প্রস্তুত করা গাইডলাইন অনুযায়ী নতুন ডাটা টেমপ্লেট ব্যবহার করে দাখিল করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, ইসলামী ব্যাংকের শাখা ও উইন্ডোগুলোকে STD_I BFD_ month name_BankCode নামের ফাইলের মাধ্যমে এবং ইসলামী ফাইন্যান্স কোম্পানির শাখা ও উইন্ডোগুলোকে STD_IBFD_monthname_FinComCode নামের ফাইলের মাধ্যমে ইসলামিক ফাইন্যান্সিয়াল লেনদেনসংক্রান্ত তথ্য দাখিল করতে হবে।কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

নির্দেশনাটি দেশের কার্যরত সংশ্লিষ্ট ইসলামী ব্যাংক, কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রম এবং ইসলামী ফাইন্যান্স কোম্পানিগুলোর জন্য প্রযোজ্য।নতুন এ ব্যবস্থার ফলে ইসলামিক ব্যাংকিং ও ইসলামিক ফাইন্যান্সিয়াল লেনদেনের মাসিক তথ্য সংগ্রহ ও উপস্থাপনের ক্ষেত্রে একই ধরনের কাঠামো অনুসরণ করার সুযোগ তৈরি হবে। বিশেষ করে নতুন ডাটা টেমপ্লেটের মাধ্যমে তথ্যের সংযোজন, বিয়োজন ও পুনর্গঠনের ফলে বাংলাদেশ ব্যাংকের কাছে সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আরও কাঠামোবদ্ধভাবে দাখিল করার ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ