ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

দুর্দান্ত জয়ে বার্সাকে টপকে ফের দুইয়ে রিয়াল

গেতাফের বিপক্ষে ২-০ গোলের জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

২২ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে লা লিগায় রিয়ালের পয়েন্ট হলো ৪৬। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩ পয়েন্ট কম নিয়ে নেমে গেছে তিন নম্বরে।

২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ।

নিজেদের মাঠে বল দখলে এদিন শুরু থেকেই আধিপত্য ছিল রিয়ালের। তবে আক্রমণে ছিল না তেমন ধার। আশানুরূপ ছিল না মাঝমাঠ ও রক্ষণও।

প্রথমার্ধের হালকা বৃষ্টি বিরতির পর নামে মুষলধারে। এর মাঝে দ্বিতীয়ার্ধের শুরুতে দুই মিনিটে আরও দুটি ভালো সুযোগ নষ্ট হয় রিয়ালের।

৬০তম মিনিটে মেলে গোলের দেখা। ডান দিক থেকে ভিনিসিউস জুনিয়রের দারুণ ক্রসে লাফিয়ে নেওয়া হেডে দলকে এগিয়ে দেন বেনজেমা। আসরে তার গোল হলো ১১টি।

ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। বাঁ দিক থেকে মার্সেলোর ছয় গজ বক্সে বাড়ানো ক্রসে টোকা দিয়ে বল জালে পাঠান মঁদি। আসরে মার্সেলোর এটি প্রথম অ্যাসিস্ট, মঁদির প্রথম গোল।

দুই গোলে এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে রিয়াল। বিপরীতে যেন খেই হারিয়ে ফেলে গেতাফে। বাকি সময়ে প্রতিপক্ষকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি তারা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ