ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল ঢাকা আয়োজিত র‍্যালি এবং পেশেন্ট ফোরাম

বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল ঢাকা’র ক্যান্সার কেয়ার সেন্টার একটি র‍্যালি এবং পেশেন্ট ফোরাম আয়োজন করেছে। ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির অপরিহার্য ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসার সহজলভ্যতা নিশ্চিত ও রেডিয়েশন থেরাপি সম্পর্কে প্রচলিত বিভ্রান্তি দূর করাই এর মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অনকোলজিস্ট, অন্যান্য চিকিৎসক, হাসপাতালের কর্মীরা এবং রোগীরা । রেডিওথেরাপির অগ্রগতি, রোগীদের চিকিৎসা প্রদান ও রেডিয়েশন চিকিৎসা নিয়ে বিভ্রান্তি দূর করা প্রসঙ্গে সেসময় আলোচনা করা হয় এবং ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের কাছে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। এর আগে এ উপলক্ষে একটি বিশেষ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন এভারকেয়ারের কর্মকর্তাবৃন্দ, চিকিৎসকবৃন্দ, নার্স, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় কমিউনিটির সদস্যরা।

এ প্রসঙ্গে রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, “রেডিওথেরাপি নিয়ে অনেক মধ্যে এখনও বিভিন্ন দ্বিধা ও ভুল ধারণা থাকলেও সহজ ও নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে এসব সংশয় দূর করা সম্ভব। সেইসাথে, আধুনিক রেডিওথেরাপি’র পরিকল্পিত ও নিয়ন্ত্রিত প্রয়োগ নিশ্চিত করতে হবে। আর তখনই এটি নিয়ে সকল ভ্রান্ত ধারণা দূর হবে বলে আমি মনে করি।”

রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আরমান রেজা চৌধুরী বলেন, “রেডিওথেরাপির অগ্রগতির ফলে আজ ক্যান্সার চিকিৎসা আরও নির্ভুল ও কার্যকর হয়ে উঠছে। তবে এর উপকার তখনই অর্থবহ হবে, যখন সাধারণ মানুষ এর ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে সচেতন হবে ও নির্ভয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারবে। জীবনরক্ষাকারী এই চিকিৎসা পদ্ধতি শীঘ্রই দেশব্যাপি রোগীদের কল্যাণে কাজে আসবে বলে আমি আশা প্রকাশ করছি।”

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ