ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

ব্যাংক থেকে ৭ লাখ টাকা তুলে গুনছিলেন, কৌশলে ৪ লাখ নিয়ে পালাল চোর

কুমিল্লার দেবিদ্বারে গ্রাহক সেজে পূবালী ব্যাংকের শাখায় ঢুকে এক গ্রাহকের চার লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, টাকা গোনার সময় ভুক্তভোগীর পাশে বসে থাকা এক যুবক কৌশলে টাকার বান্ডিল নিয়ে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যান।

গতকাল রোববার বিকেল ৪টা ২৫ মিনিটে পূবালী ব্যাংক দেবিদ্বার শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহক মো. জাকির হোসেন বাদী হয়ে রোববার মধ্যরাতে দেবিদ্বার থানায় মামলা করেছেন।

ব্যাংক কর্তৃপক্ষ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, ওই যুবক দীর্ঘ সময় ব্যাংকের ভেতরে অবস্থান করছিলেন। তাঁর সামনে টাকা জমা দেওয়ার নীল রঙের ভাউচার এবং হাতে একটি খাম ছিল। এ কারণে তাঁকে সাধারণ গ্রাহক বলেই মনে হচ্ছিল।

এদিকে মো. জাকির হোসেন পরিবারের সদস্যদের নিয়ে ব্যাংক থেকে সাত লাখ টাকা উত্তোলন করেন। পরে তিনি, তাঁর স্ত্রী আয়শা আক্তার ও পুত্রবধূ পলি আক্তার ব্যাংকের সোফায় বসে টাকা গুনছিলেন। একপর্যায়ে এক হাজার টাকার চারটি বান্ডিলে চার লাখ টাকা গুনে পেছনে রেখে তাঁরা বাকি টাকা গুনতে থাকেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই সময় যুবকটি তাঁদের পাশেই বসে ছিলেন। কয়েক দফা চেষ্টা চালানোর পর একপর্যায়ে পেছনে রাখা চার লাখ টাকার বান্ডিল নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। তখনো জাকির হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা বাকি টাকা গুনতে ব্যস্ত ছিলেন।

টাকা গোনা শেষে পেছনে রাখা বান্ডিল খুঁজে না পেয়ে তাঁরা ব্যাংকের কর্মকর্তাদের জানান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে টাকা চুরির বিষয়টি নিশ্চিত হন।

ভুক্তভোগী মো. জাকির হোসেন বলেন, ‘পারিবারিক প্রয়োজনে ব্যাংক থেকে সাত লাখ টাকা তুলেছিলাম। আমরা সবাই টাকা গুনছিলাম। চার লাখ টাকা গুনে পেছনে রেখে বাকি টাকা গুনতে থাকি। পরে দেখি পেছনে রাখা টাকার বান্ডিল নেই। সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারি, একজন চুরি করে নিয়ে গেছে।’

ব্যাংকের ভেতর থেকে এভাবে টাকা চুরি হওয়ায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পূবালী ব্যাংক দেবিদ্বার শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. ওয়ায়েছ মাসুম চৌধূরী বলেন, ‘একজন গ্রাহকের টাকা চুরি হয়েছে শুনে সিসিটিভি ফুটেজ দেখেছি। সেখানে দেখা গেছে, টাকা উত্তোলনের পর তাঁরা কয়েকজন মিলে টাকা গুনছিলেন। টাকা গুনে পেছনে রাখার সময় ডান-বাম খেয়াল করেননি। এ সুযোগে একজন চোর কৌশলে পেছন থেকে টাকার বান্ডিল নিয়ে চলে যায়।’

ব্যাংকের ভেতর থেকে টাকা চুরির ঘটনায় ব্যাংকের দায়বদ্ধতা আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘ক্যাশ কাউন্টার থেকে টাকা বুঝে নেওয়ার পর ব্যাংকের আর কোনো দায়বদ্ধতা থাকে না। তবে গ্রাহক আইনগত ব্যবস্থা নিলে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করা হবে।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের টাকা চুরির ঘটনায় মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ