পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডাইরেক্ট লিস্টিং রুলস-২০২৬ (Direct Listing of Securities by Stock Exchange) Rules, 2026′ এর খসড়া অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়াই কোন কোম্পানি সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির সুযোগ পাবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসির ১০২৭তম কমিশন সভায় ডাইরেক্ট লিস্টিং রুলস-২০২৬ এর খসড়া অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এটি খুব শ্রীঘ্রই জনমত যাচাই এর জন্য পত্রিকায় ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রস্তাবিত ‘বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডাইরেক্ট লিস্টিং রুলস-২০২৬ অনুযায়ী বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ার অফলোডের (অন্তত ১০%-২০%) মাধ্যমে, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়াই কোনো কোম্পানির সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির সুযোগ সৃষ্টি হবে।
প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, সরকারের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানি, কোম্পানির পরিশোধিত মূলধনের কমপক্ষে ১০% সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানাধীন কোম্পানি, বিদেশি শেয়ারহোল্ডারদের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানি, কমপক্ষে ৩০০ কোটি টাকা পরিশোধিত মূলধনসম্পন্ন BTRC-অনুমোদিত টেলিযোগাযোগ ও ICTসংশ্লিষ্ট সেবা প্রদানকারী অথবা ICT অবকাঠামো অথবা উৎপাদনকারী কোম্পানির শেয়ার পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তি করতে পারবে।

এছাড়া কমপক্ষে ৩ বছরের কার্যক্রম পরিচালনাকারী তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানি, কমপক্ষে ৫০০ কোটি টাকা বার্ষিক টার্নওভার বা মোট সম্পদসম্পন্ন কোম্পানি এবং কমিশনে নিবন্ধিত স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি ও সেন্ট্রাল কাউন্টারপার্টি নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে কোম্পানিসমূহের শেয়ার স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্ত করতে পারবে।
বিজনেস আই/


















