ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ৩:১১ অপরাহ্ন

আ.লীগ নেতা রনজিত গ্রেফতার

গাইবান্ধায় জেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রনজিত বকশি সূর্যকে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে গাইবান্ধা শহরের ভিএইড রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ওসি নাজমুল হুদা।

রনজিত বকশি সূর্য শহরের মাস্টারপাড়ার মৃত রবীন্দ্র বকশির ছেলে। তিনি গাইবান্ধা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা কমিটির সহসভাপতি ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ আগস্ট গাইবান্ধা সদর থানায় মামলাটি করেন সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম। মামলায় আওয়ামী লীগের ৯৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, যুবদল কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৭ জুলাই বিকাল ৪টার দিকে আসামিরা লাঠি, লোহার রড, কুড়াল, শাবল, ধারালো ছুরি, বেকি, ককটেল ও পেট্রোলসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিছিল নিয়ে শহরের সার্কুলার রোডে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সামনে যান। পরে তারা বিএনপি কার্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত জেলা যুবদল কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

মামলার এজাহারে আরও বলা হয়, ওই সময় মামলার ৮২ নম্বর আসামি শাহ শিল্পু যুবদল কার্যালয়ে আগুন দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর সেখানে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়।

এ সময় যুবদল কার্যালয়ের ভেতরে অবস্থানরত কয়েকজন নেতাকর্মী আতঙ্কিত হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা কার্যালয়ের ভেতরে থাকা প্রায় ৫০টি চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে পেট্রোলভর্তি জেরিকেন থেকে পেট্রোল ঢেলে কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। একপর্যায়ে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে।

এ ছাড়া যুবদল কার্যালয় থেকে ব্যানার, ফেস্টুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি রাস্তায় এনে সেগুলোতেও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

হামলাকারীরা শাবল ও হাতুড়ি দিয়ে কার্যালয়ের দরজা, জানালা এবং সামনের বারান্দার রেলিং ভাঙচুর করেন বলেও মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ধারালো অস্ত্র ও বিভিন্ন দেশিয় অস্ত্র উঁচিয়ে যুবদলের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে, সেখানে হত্যা ও গুম করার হুমকি দিয়ে চলে যান।

ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও মামলার বাদী অভিযোগ করেছেন।

গাইবান্ধা সদর থানার ওসি নাজমুল হুদা বলেন, ২০২৪ সালের ১৮ আগস্ট দায়ের করা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় রনজিত বকশি সূর্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হবে। মামলার অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ