গ্রাহকদের জন্য শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা আরও সহজলভ্য ও আধুনিক করার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি. সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত ২০টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো (IBW) উদ্বোধন করেছে।
প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় শান্তা পিনাকলে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। আরও ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এম. নুরুল আলম, এফসিএস, ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোহাম্মদ শাহজাহান মাদানী, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণ।
ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, “শরিয়াহভিত্তিক আধুনিক ও মানসম্মত ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রিমিয়ার ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। উদ্বোধন করা এসব ইসলামিক ব্যাংকিং উইন্ডো আমাদের সেই অঙ্গীকারেরই প্রতিফলন।”
ব্যাংকের স্বতন্ত্র পরিচালক জনাব এম. নুরুল আলম, এফসিএস, ইসলামিক ব্যাংকিং সেবার সম্প্রসারণকে একটি সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, “বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় ইসলামিক ব্যাংকিং সেবার চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।”
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, “প্রিমিয়ার ব্যাংক ইসলামিক ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণের পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন উদ্বোধন করা ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে গ্রাহকরা আরও উন্নত পরিবেশে শরিয়াহসম্মত আমানত, বিনিয়োগ এবং অন্যান্য ইসলামিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।”

স্বাগত বক্তব্যে শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোহাম্মদ শাহজাহান মাদানী ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালনের গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অটুট রেখে শরিয়াহর নীতিমালা অনুসরণ করে ইসলামিক ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণ করা প্রয়োজন।


















