পেরুর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৭ বলে জানিয়েছে। তবে পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের হিসাবে এর মাত্রা ৭ দশমিক ২।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেরুর আয়াকুচো অঞ্চলের পারিনাকোচাস প্রদেশে। কোরাকোরা শহরের প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৮ কিলোমিটার।
ইরান যুদ্ধে এ পর্যন্ত নিহত ১৮ মার্কিন সেনাইরান যুদ্ধে এ পর্যন্ত নিহত ১৮ মার্কিন সেনা
ভূমিকম্পের কম্পন রাজধানী লিমাসহ পেরুর বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। তবে শক্তিশালী ভূমিকম্প হলেও এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের স্থাপনা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূ-বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় ভূকম্পনের শক্তির একটি বড় অংশ ভূগর্ভেই শোষিত হয়েছে। ফলে ভূপৃষ্ঠে এর প্রভাব তুলনামূলক কম ছিল।

সাম্প্রতিক সময়ে পেরুর উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এ কারণে দেশটির ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
এ ছাড়া বাড়িতে জরুরি অবস্থায় বের হওয়ার পরিকল্পনা পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় জরুরি সামগ্রী প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়। ২০০৭ সালে দেশটির ইকা অঞ্চলে ৭ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছিল।


















