প্রাতিষ্ঠানিক ও পেশাগত শিক্ষার মেল বন্ধন জোরদারে ১৪ টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউশনের সঙ্গে সমঝোতা স্মারকের (এমওইউ) অ্যাডেনডাম সই করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, রাজধানীর সিএ ভবনে আইসিএবি অডিটোরিয়ামে এসব অ্যাডেনডাম স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং আইসিএবি’র সঙ্গে বিদ্যমান সমঝোতা স্মারকের অ্যাডেনডামে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আইসিএবি’র প্রেসিডেন্ট সাব্বীর আহমেদ এফসিএ, ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ রেদওয়ানুর রহমান এফসিএ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, ডিরেক্টর মাসুদ পারভেজ এফসিএ প্রমুখ বক্তব্য রাখেন।
স্বাক্ষরিত অ্যাডেনডামের আওতায় আইসিএবি এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানসমূহ স্নাতক উত্তীর্ণ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পেশায় আকৃষ্ট করতে যৌথভাবে কাজ করবে। প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষার্থীরা সিএ পাঠ্যক্রমে ক্রেডিট ফর প্রায়র লার্নিং (সিপিএল) এবং এক্সেম্পশন সুবিধা নিতে পারবে। এ উদ্যোগের ফলে মেধাবী শিক্ষার্থীরা অপেক্ষাকৃত দ্রুততম সময়ের মধ্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জনের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
এই পদক্ষেপ প্রাতিষ্ঠানিক ও পেশাগত শিক্ষার সংযোগ জোরদার করার পাশাপাশি পেশাদার হিসাববিদ হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য অধিকতর সুযোগ সৃষ্টি করবে।
একই সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং পার্ট কোয়ালিফাইড শিক্ষার্থীদের জন্য উপযুক্ত ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন এবং গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। প্রাতিষ্ঠানিক ও পেশাগত শিক্ষার এই উভমুখী সম্পৃক্ততা অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স বিষয়ক শিক্ষার মানোন্নয়নে অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আইসিএবি আরো জানায়, বাংলাদেশে দক্ষ ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম পেশাজীবী গড়ে তুলতে হিসাব পেশা ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা দেশের উন্নয়নে কার্যকরভাবে অবদান রাখবে।
এই কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো যৌথভাবে গবেষণা ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্র অনুসন্ধান করবে, যার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, হিসাব পেশাজীবী এবং অন্যান্য অংশীজনের মধ্যে যোগাযোগ ও মিথষ্ক্রিয়া বৃদ্ধি পাবে। এই পদক্ষেপ ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাগত শিক্ষার মান্নোয়ন, সিএ পেশায় প্রবেশের সুযোগ সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা ও পেশাগত শিক্ষার মধ্যে আন্তঃসম্পর্ক জোরদারের উদ্দেশ্যে আইসিএবি’র অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন।



















