ঢাকা, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সোমবার মোটামুটি স্থিতিশীল ছিল। হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা ও সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও গত সপ্তাহের দাম বৃদ্ধির ধারা বজায় রয়েছে। খবর রয়টার্সের।

সোমবার (১৭ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫৫ ডলারে অপরিবর্তিত ছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১৪ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ২৬ ডলারে নেমে আসে।

এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বেড়েছিল। হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা এবং সউদী আরামকোর একটি তেল স্থাপনায় হামলার পর মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় বাজারে এর প্রভাব পড়ে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় তেলের বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব আবারও বাড়ছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাও বাজারকে প্রভাবিত করছে

তবে হরমুজ প্রণালিতে নতুন করে বড় ধরনের সংঘাত বা তেল অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতির স্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত তেলের দাম আরও বড় আকারে বাড়ার সম্ভাবনা সীমিত বলে মনে করছেন কিছু বিশ্লেষক।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির পরিস্থিতি তেলের বাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংঘাতের আগে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন করা হতো। ফলে সেখানে জাহাজ চলাচল দীর্ঘ সময় ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।

এদিকে দুর্বল বৈশ্বিক চাহিদার পূর্বাভাস এবং যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বৃদ্ধির কারণে তেলের দাম বাড়ার ওপর কিছুটা চাপও রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ-ঝুঁকির বিপরীতে চাহিদার উদ্বেগ—দুই ধরনের প্রভাবের মধ্যে রয়েছে আন্তর্জাতিক তেলের বাজার।

তেলের বাজারে এখন মূল নজর যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পরিস্থিতির দিকে। এসব ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ