ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১:০৫ অপরাহ্ন

বিশ্ব বাঘ দিবস আজ

আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। বাঘের প্রাকৃতিক আবাস সংরক্ষণ, অবৈধ শিকার প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত টাইগার সামিটের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর এ দিবস পালিত হয়। এ বছর বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য ‘বাঘ করি সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন’।বাংলাদেশ সংস্কৃতি ব্লগ

বর্তমানে বিশ্বের মাত্র ১৩টি দেশে প্রাকৃতিক পরিবেশে বাঘ টিকে আছে। ২০১০ সালের সম্মেলনে বাংলাদেশসহ এসব দেশ ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার (TX2) লক্ষ্য নির্ধারণ করেছিল। নেপাল সেই লক্ষ্য অর্জন করলেও ভারত ও ভুটান উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। বাংলাদেশে বাঘের সংখ্যা কিছুটা বাড়লেও এখনও লক্ষ্য থেকে অনেক দূরে।

বাংলাদেশে রয়েল বেঙ্গল টাইগারের একমাত্র প্রাকৃতিক আবাস সুন্দরবন। বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে ক্যামেরা ট্র্যাপ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। সর্বশেষ ২০১৮ সালের জরিপে তা বেড়ে দাঁড়ায় ১১৪টি। নতুন জাতীয় জরিপের ফল এখনো প্রকাশ হয়নি।

বিশেষজ্ঞদের মতে, অবৈধ শিকার, হরিণ নিধন, বনদস্যুদের তৎপরতা, আবাসস্থল সংকুচিত হওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সুন্দরবনের বাঘের জন্য বড় হুমকি। সুন্দরবন রক্ষায় কাজ করা সংগঠন ‘আমরা’-এর সমন্বয়কারী নুর আলম শেখের দাবি, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৯১টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৮টি শিকার বা পিটিয়ে হত্যা করা হয়েছে, ৩০টির মৃত্যু হয়েছে বার্ধক্য বা অসুস্থতায় এবং তিনটি মারা গেছে প্রাকৃতিক দুর্যোগে।
.
পরিবেশবিদদের মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি, অবৈধ শিকার দমন, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষায় কার্যকর পদক্ষেপই পারে রয়েল বেঙ্গল টাইগারের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে। কারণ বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে, আর সুন্দরবন বাঁচলে রক্ষা পাবে দেশের উপকূলীয় জীববৈচিত্র্য

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ