ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা আপাতত বন্ধ রাখায় বিশ্ববাজারে তেলের দাম বড় ধরনের পতন হয়েছে। মূলত সংঘাত কমে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় এবং হরমুজ প্রণালি দিয়ে আবারও জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে- এমন আশায় একদিনেই প্রায় ৫ শতাংশ কমেছে অপরিশোধিত তেলের দাম।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, বাংলাদেশ সময় সোমবার (২৭ জুলাই) ভোরে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৮৯ ডলার বা ৫ দশমিক ০৫ শতাংশ কমে দাঁড়ায় ৯১ দশমিক ৮৯ ডলারে। লেনদেনের শুরুতে এটি সাময়িকভাবে ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচেও নেমে যায়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৬৭ ডলার বা ৫ দশমিক ২৩ শতাংশ কমে ৮৪ দশমিক ৬৪ ডলারে নেমে আসে।

টানা তিন সপ্তাহ দাম বাড়ার পর দুই ধরনের তেলের দামই প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এর আগে সংঘাত ছড়িয়ে পড়ায় এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন কমে যাওয়ায় ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার পর্যন্ত উঠেছিল।

এছাড়া সংঘাতের প্রভাব লোহিত সাগরেও ছড়িয়ে পড়ে। এতে বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব থেকে বাব আল-মান্দেব প্রণালি হয়ে এশিয়ায় তেল রপ্তানিও ব্যাহত হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ