২০২৬ বিশ্বকাপে শেষ হয়েছে ১০০টি ম্যাচ। পুরো টুর্নামেন্টজুড়ে ছিল রোমাঞ্চ, নাটকীয়তা ও একের পর এক অঘটন। ইতোমধ্যে ৪৪টি দলের বিদায়ের মধ্য দিয়ে প্রতিযোগিতা নেমে এসেছে শেষ চারে। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল- ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড।
শেষ চারটি আসরের মধ্যে তিনটির বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনা। ইংল্যান্ড প্রথম ও শেষবার বিশ্বকাপ জিতেছিল ১৯৬৬ সালে। দীর্ঘ ৬০ বছরের খরা ঘোচানোর আশা ও অপেক্ষায় তারা। ১৯৭০ ও ১৯৯০ এর পর এ নিয়ে তৃতীয়বার চার সেমিফইনালিস্টের সবাই বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন।
অপটা সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। দলটির ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ধরা হয়েছে ৫৭.০৭ শতাংশ, আর শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ। এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.০৩ শতাংশ এবং ট্রফি জয়ের সম্ভাবনা ২৩.০৪ শতাংশ।
অপটা সুপারকম্পিউটারের বিশ্লেষণে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২০.০৬ শতাংশ। একই সঙ্গে লিওনেল মেসিদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪৯.০১ শতাংশ। অন্যদিকে সম্ভাবনার তালিকায় তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ফাইনালে খেলার সম্ভাবনা ৫০.০৯ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ২১.০৯ শতাংশ।



















