ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১:৪০ অপরাহ্ন

প্যারামাউন্ট টেক্সটাইলের বিনিয়োগ করা ২৯৩ কোটি টাকা প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডে করা প্রায় ২৯৩ কোটি ১ লাখ টাকার বিনিয়োগের কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিনিয়োগের একটি অংশ কনভার্টেবল (রূপান্তরযোগ্য) এবং অপর অংশ নন-কনভার্টেবল (অরূপান্তরযোগ্য) প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করা হবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (প্রাইস সেনসিটিভ ইনফরমেশন) অনুযায়ী, মঙ্গলবার ৩০ জুন ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে।

কোম্পানিটি জানায়, ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডে জমাকৃত ২০০ কোটি টাকা বিনিয়োগকে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ২০ কোটি কনভার্টিবল নন-রিডিমেবল প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করা হবে। এসব শেয়ারে বার্ষিক ৯ শতাংশ লভ্যাংশ (কুপন) হার প্রযোজ্য থাকবে এবং বরাদ্দের তারিখ থেকে পাঁচ বছরের মধ্যে এগুলো রূপান্তরের (কনভার্সন) ব্যবস্থা থাকবে।

এছাড়া কোম্পানির আরও ৯৩ কোটি ১ লাখ টাকা বিনিয়োগকে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ৯ কোটি ৩০ লাখ ১০ হাজার নন-কনভার্টিবল রিডিমেবল প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। এই শেয়ারগুলোর ক্ষেত্রেও বার্ষিক ৯ শতাংশ লভ্যাংশ (কুপন) হার কার্যকর থাকবে এবং বরাদ্দের তারিখ থেকে পাঁচ বছরের মধ্যে তা পরিশোধ (রিডেম্পশন) করা হবে।

প্যারামাউন্ট টেক্সটাইল জানিয়েছে, পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং এটি কোম্পানির প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্যের অংশ হিসেবে বিনিয়োগকারীদের অবহিত করা হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ