ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন’র চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের অন্যতম শীর্ষ মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ‘ভিওন’-এর চেয়ারম্যান অগি ফাবেলা। সোমবার (২৯ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকটিতে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া এবং স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে টেলিযোগাযোগ খাতের ভূমিকা নিয়ে বিশদ মতবিনিময় করেন তারা।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া ভিওন-এর পক্ষ থেকে প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস।

বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল দেশের ডিজিটাল সেবাকে সর্বসাধারণের জন্য আরও সহজলভ্য ও কার্যকর করে তোলা। প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাতের উন্নয়নে বাংলালিংক কর্তৃপক্ষকে বিশেষ কিছু দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ডিজিটাল বৈষম্য দূর করতে প্রযুক্তিকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা জরুরি।

এরই প্রেক্ষিতে, প্রধানমন্ত্রী বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে উন্নতমানের স্মার্টফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এর ফলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং ডিজিটাল অর্থনীতির মূল স্রোতধারায় তারা যুক্ত হতে পারবে। এছাড়া, সাধারণ মানুষের সুবিধার্থে ইন্টারনেট সেবার মূল্য আরও কমানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বাংলালিংক কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ