শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা রোধে আগামী রবিবার (২৮ জুন) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬’ (প্রথম রাউন্ড)। এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লক্ষ ৩৬ হাজার ২২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জানান, ক্যাম্পেইনের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে।
ব্রিফিংয়ে জানানো হয়, ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৮ লক্ষ ৩৮ হাজার ৭৯৪ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ১১ লক্ষ ৯৭ হাজার ২২৮ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সারা দেশে মোট ১ লক্ষ ১০ হাজার স্থায়ী কেন্দ্র এবং বাস স্টেশন, লঞ্চঘাট ও ট্রেন স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে ৫০০টি ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। দুর্গম ১২টি জেলার ৫৮টি উপজেলার ১৯০টি ইউনিয়নে শিশুদের খুঁজে বের করে ক্যাপসুল খাওয়ানোর জন্য ৪ দিনব্যাপী বিশেষ ‘চাইল্ড টু চাইল্ড সার্চিং’ কার্যক্রমও চলমান থাকবে।
উল্লেখ্য, ১৯৭৩ সাল থেকে দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হলেও পরবর্তীতে এটি নিয়মিত ক্যাম্পেইনের রূপ নেয়। ভিটামিন ‘এ’ কেবল রাতকানা রোগই প্রতিরোধ করে না, বরং এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ডায়রিয়া ও হামসহ অন্যান্য সংক্রামক ব্যাধি থেকে সুরক্ষা প্রদান করে।

প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিভাবকদের আহ্বান জানানো হয়, শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার নিশ্চিত করতে হবে। এছাড়া গর্ভবতী ও প্রসূতি মায়েদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ প্রাণিজ ও উদ্ভিজ্জ খাবার গ্রহণে উৎসাহিত করা হয়েছে। মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম মনিটরিংয়ের জন্য সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের নেতৃত্বে বিশেষ টিম কাজ করবে বলেও জানানো হয়।


















