ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ৬:২৮ পূর্বাহ্ন

ভেজাল মদ কারখানায় অভিযান গ্রেপ্তার ছয়

রাজধানীর ভাটারা থানা এলাকায় ভেজাল মদের কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় ভেজাল মদ তৈরির সময় হাতেনাতে ৬ জনকে আটক করা হয়। সোমবার (২ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে এ অভিযান শুরু হয়।

অভিযানের নেতৃত্ব দেন ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, গত কয়েকদিনে ঢাকায় বেশ কয়েকজন বিদেশী মদ্য পান করে অসুস্থ হয়ে মারা যায়। কিন্তু বিদেশী মদ পানে এমন হওয়ার কথা না। তখনই আমরা ধারণা করি ভেজাল মদে এমন ঘটনা ঘটছে। এমতাবস্থায় আমরা তদন্ত শুরু করি। এরই ধারাবাহিকতায় গতকাল রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাটারা থানাধীন খিলবাড়ীর টেক মুক্তি পল্লী ইউনিয়ন পরিষদ রোডের বেস্ট ফিউচার স্কুলের কাছে একটি ভেজাল মদের কারখানায় অভিযান চালায় ডিবি গুলশান টিম ও সংশ্লিষ্ট থানা পুলিশ। এ সময় দেখা যায় দুটি ঘিঞ্জি ঘরে পুরোনো বিদেশী মদের বোতলে ভেজাল মদ ভরার কাজ চলছে। এ সময় হাতে-নাতে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় মিরপুর থেকে আনা স্পিরিটি, চিনি, রং ও পানি মিশিয়ে তারা বিদেশী বোতলে ভরে মদ তৈরি করছিলেন। এক সপ্তাহে ২৩১ বোতল তৈরি ভেজাল মদ রাজধানীসহ ঢাকার আশপাশে বিক্রি করেছেন। তাদের কাছ থেকে একটি খাতা আমরা উদ্ধার করেছি। সেখানে এ কাজে জড়িত অনেকের নাম জানা গেছে। তাদের ধরতেও আমাদের অভিযান চলবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ