টানা ৮৭ দিন পর ইরানে ইন্টারনেট চালু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার (২৫ মে) দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ। ইরানের যোগাযোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে আধাসরকারি এই অনলাইন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইরানের সাইবার স্পেস পরিচালনাকারী শীর্ষস্থানীয় সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
পৃথক এক প্রতিবেদনে ফার্স নিউজ জানিয়েছে, সোমবারের বৈঠকে পেজেশকিয়ানসহ ১২ জন উপস্থিত ছিলেন এবং ইরানে ইন্টারনেট ফের চালু করা হবে কি-না— এ প্রশ্নে ভোট হয়েছে সেই বৈঠকে। ১২ জনের মধ্যে ৯ জন ইন্টারনেট চালুর পক্ষে ভোট দিয়েছেন, আর ৩ জন দিয়েছেন বিপক্ষে ভোট।
গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়, সেই আন্দোলন তীব্র রূপ নেওয়ার পর ৮ জানুয়ারি প্রথম দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার। পরে আন্দোলন স্তিমিত হয়ে হলে ২৩ জানুয়ারি দেশটিতে আংশিকভাবে চালু করা হয় ইন্টারনেট।
২৩ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই আংশিক ইন্টারনেট পরিষেবা পাচ্ছিলেন ইরানিরা। তারপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করলে ফের ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার।

টানা ৪০ দিন যুদ্ধ চলার পর গত ৮ এপ্রিল ইরানে যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র, কিন্তু তারপরও দেশটিতে ইন্টারনেট চালু হয়নি।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের সম্ভাবনা জোরদার হয়েছে। ইরানে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বর্ধিত করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ইন্টারনেটেরও ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইরানের সরকার।


















