ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা, চলছে অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। রবিবার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে জঙ্গল সলিমপুরে অবস্থিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের আকস্মিক আক্রমণের মুখে র‍্যাব সদস্যরাও তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালান। প্রায় দুই ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় চলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যরাতে হঠাৎ করেই সন্ত্রাসীরা চারপাশ থেকে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাবও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। দিবাগত রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে এই বন্দুকযুদ্ধ অব্যাহত থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনার পর থেকে পুরো জঙ্গল সলিমপুর এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় বিপুল পরিমাণ অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম র‍্যাবের কমান্ডার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সন্ত্রাসীদের একটি গ্রুপ হঠাৎ করেই তাদের ক্যাম্পে আক্রমণ চালায়। এর প্রেক্ষিতে ঘটনাস্থলে বাড়তি ফোর্স পাঠানো হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে জোরদার অভিযান শুরু করা হয়েছে। পাহাড়ি এই অঞ্চলে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, জঙ্গল সলিমপুর এলাকাটি দীর্ঘদিন ধরেই অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এর আগে গত ১৯ জানুয়ারি সেখানে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) নায়েব সুবেদার মোতালেব হোসেন ভুঁইয়া নিহত হন। এরপর গত ৯ মার্চ জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা নির্মূল এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের প্রায় ৪ হাজার সদস্যের সমন্বয়ে একটি বিশাল সাঁড়াশি অভিযান চালানো হয়েছিল।

সে সময়কার অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধারসহ বেশ কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। জঙ্গল সলিমপুরের সব প্রবেশ ও বাহিরের পথ সিল করে দিয়ে সেখানে স্থায়ী তল্লাশিচৌকি বসানো হয়েছিল। পরবর্তী সময়ে ওই এলাকার স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র‍্যাবের দুটি স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়, যার একটিতে গত রাতে এই হামলার ঘটনা ঘটল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ