‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এ প্রতিপাদ্য নিয়ে রবিবার (১০ মে) থেকে শুরু হয়েছে ৪ দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। সকালে এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুলিশ বাহিনীর সবচেয়ে বড় এ আয়োজনের শুরুতেই এসেছে বড় পরিবর্তন। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়ার কথা থাকলেও এবার ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান স্থগিত করা হয়েছে।
‘তদবিরে সিন্ডিকেটে’ পুলিশ পদক শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় দেশ রূপান্তরে। তদবির করে কোন কোন কর্মকর্তা ও সদস্য পদকের জন্য মনোনীত তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন, আবার ভালো কাজ করেও পদক জোটেনিসহ নানা তথ্য ছিল ওই প্রতিবেদনে। এতে টনক নড়ে পুলিশ সদর দপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। তাছাড়া পুলিশ পদক নিয়ে নানা অভিযোগ ও অনিয়ম ওঠায় সরকারের হাইকমান্ডও ব্যাপক ক্ষুব্ধ হয়। পাশাপাশি সামাজিক মাধ্যমেও সমালোচনার ঝড় ওঠে।
শনিবার (৯মে) রাতে পদক স্থগিতের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পদক প্রদান কমিটির প্রধান ও অতিরিক্ত আইজিপি (অপারেশন) রফিকুল ইসলাম। তিনি বলেন, অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে পদক প্রদান অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পুলিশ সপ্তাহের পর আরও যাচাই-বাছাই করে পদকের জন্য মনোনীতদের তালিকা চূড়ান্ত করা হবে।
পুলিশ-সংশ্লিষ্টরা বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলেও অনেকে তদবির ও রাজনৈতিক কানেকশনে পদক বাগিয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময়েও হয়েছে একই কারবার। এবারও এর ব্যতিক্রম হয়নি। ভালো কাজ করায় অনেক পুলিশ কর্মকর্তা ও মাঠপর্যায়ের সদস্যরা আবেদন করেও পদক পেতে ব্যর্থ হয়েছেন। তদবির করতে না পারায় কাক্ষিত ‘সোনার হরিণের’ ধারেকাছেও যেতে পারেননি। এতে ক্ষোভ ঝাড়ছেন অনেকেই। রাজনৈতিক পটপরিবর্তন হলেও আগের মতোই সবকিছু হচ্ছে বলে বঞ্চিতদের অভিযোগ।

জানা গেছে, পুলিশ সপ্তাহে ১০৯ জন সদস্যকে পদক দেওয়ার জন্য মনোনীত করা হয়েছিল। অভিযোগ ওঠে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদকপ্রাপ্ত এবং দলীয় অনুগত হিসেবে পরিচিত ১১ জন কর্মকর্তা এবারের তালিকায়ও স্থান পেয়েছেন। এদের মধ্যে কেউ ‘কথিত জঙ্গি’ দমনে বিতর্কিত ভূমিকা রাখা, কেউ প্রভাবশালী ঊর্ধ্বতন কর্মকর্তার ‘ভাগনে কোটায়’ সুযোগ পাওয়া, আবার কেউ জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘হ্যাক’কাণ্ডে প্রশ্নবিদ্ধ ভূমিকা রাখার পরও তালিকায় নাম লিখিয়েছেন। খোদ পুলিশের অভ্যন্তরেই ক্ষোভ তৈরি হয়েছে ত্যাগী ও দক্ষ অনেক কর্মকর্তা এবারও বঞ্চিত হওয়ায়। বঞ্চিত এক কর্মকর্তা বলেন, অতীতে সফল অভিযান চালিয়েও তার নাম কেটে দিয়ে তৎকালীন ডিআইজি নিজের নামে পদক নিয়েছিলেন। এবারও আবেদন করেও তিনি তালিকায় জায়গা পাননি।
পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পদক গ্রহণের কথা ছিল মনোনীতদের। কিন্তু প্রকাশিত সংবাদে পদকপ্রত্যাশীদের অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় প্রশাসনের উচ্চমহল বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়।
পুলিশ কর্মকর্তাদের মতে, অতীতে রাজনৈতিক বিবেচনায় পদক দেওয়ায় এই সম্মানের গৌরব ম্লান হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সরকার সেই পুরনো ধারার পুনরাবৃত্তি রোধে যে কঠোর অবস্থান নিয়েছে, তাকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে সচেতন মহল


















