ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

টাওয়ার হ্যামলেটসে চতুর্থবার মেয়র হয়ে ইতিহাস গড়লেন লুৎফুর রহমান

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটেসের মেয়র পদে চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন লুৎফুর রহমান। শুক্রবার (৮ মে) স্থানীয় নির্বাচনে তিনি প্রায় ১৬ হাজার ভোটের ব্যবধানে বিজয় অর্জন করে আবারও প্রমাণ করলেন যে, টাওয়ার হ্যামলেটসের জনগণের মধ্যে তার জনপ্রিয়তা এখনো দৃঢ় অবস্থানে রয়েছে।

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির মধ্যে তার এই জয়কে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। তিনি লন্ডনের ৫ জন নির্বাচিত মেয়রের একজন। তার ভোটের সংখ্যা ৩৫হাজার ৬৭৯। নিককতম প্রতিবন্ধী লেবার প্রার্থী পেয়েছেন ভোট ১৯৪৫৪। ৩য় গ্রিন পেয়েছে ১৯২২৩।

লুৎফুর রহমান ২০১০ সালে যুক্তরাজ্যে প্রথম মুসলিম ও সংখ্যালঘু হিসেবে নির্বাহী মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। এরপর ২০১৪, ২০২২ এবং আজকের নির্বাচনে জয়ী হয়ে তিনি চতুর্থবারের মতো এক্সিকিউটিভ মেয়র নির্বাচিত হলেন।

টাওয়ার হ্যামলেটস দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের অন্যতম প্রধান আবাসস্থল হিসেবে পরিচিত। এই এলাকায় বসবাসকারী দক্ষিণ এশীয়, মুসলিম এবং অভিবাসী জনগোষ্ঠীর কাছে লুৎফুর রহমান একজন পরিচিত ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তার বিজয়কে অনেকেই ব্রিটিশ-বাংলাদেশিদের রাজনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবেও দেখছেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে লুৎফুর রহমান বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তাকে আবারও দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছে। তিনি টাওয়ার হ্যামলেটসকে আরও নিরাপদ, আধুনিক এবং সবার জন্য সমান সুযোগের শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লুৎফুর রহমানের এই জয় শুধু একটি স্থানীয় নির্বাচনী বিজয় নয়; বরং এটি ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান প্রভাবেরও প্রতিফলন। গত এক দশকে ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং টাওয়ার হ্যামলেটস তার অন্যতম কেন্দ্রবিন্দু।

স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা লুৎফুর রহমানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তার পুনর্নির্বাচন নতুন প্রজন্মের বাংলাদেশি তরুণদের রাজনীতিতে অংশগ্রহণে আরও অনুপ্রাণিত করবে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এটিকে “কমিউনিটির বিজয়” হিসেবে আখ্যায়িত করেন।

উল্লেখ্য, লুৎফুর রহমান এর আগে একাধিকবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে নানা বিতর্ক ও চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তিনি বারবার ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। এবারের জয়ের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন যে, স্থানীয় রাজনীতিতে তার অবস্থান এখনো অত্যন্ত শক্তিশালী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ