ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২:০৪ অপরাহ্ন

তৃণমূলের ভরাডুবি, দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

ভারতের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি, অন্যদিকে বিজেপির উল্লেখযোগ্য উত্থান ঘিরে বিভিন্ন জেলায় উত্তেজনার আবহ তৈরি হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ দেবকে ঘিরে তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এতে দেখা যায় ফলাফল ঘোষণার পর দেব এক জায়গায় উপস্থিত হলে উত্তেজিত জনতার একাংশ তাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে।

আচমকা এমন পরিস্থিতিতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেতা-সাংসদ। চারপাশে ভিড় ও স্লোগানের মধ্যে তিনি কোনও প্রতিক্রিয়া না দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।

ঘটনার ভিডিও ও ছবি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

বিরোধী শিবির এই ঘটনাকে তৃণমূলের প্রতি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে দাবি করছে।

যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত দেব বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

তবে ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে ভক্তদের মধ্যেই দেখা যাচ্ছে ভিন্ন প্রতিক্রিয়া। অনেকেই অনুরোধ করছেন, ‘দয়া করে, আপনি এবার রাজনীতি থেকে সরে দাঁড়ান।’ কেউ আবার বলছেন, ‘এবার থেকে শুধু সিনেমার পর্দাতেই দেখতে চাই আপনাকে।

বিশ্লেষকদের মতে, জনতার এই ক্ষোভ মূলত ‘রাজনীতিক দেব’-এর প্রতি, ‘অভিনেতা দেব’-এর প্রতি নয়। কারণ ব্যক্তি হিসেবে এবং অভিনেতা হিসেবে এখনো দর্শকদের ভালোবাসার জায়গায় রয়েছেন তিনি। প্রচারের সময়ও রাজ্যজুড়ে ব্যাপক জনসমাগম দেখা গিয়েছিল, যা অনেকের মতে মূলত তার তারকাখ্যাতির কারণেই।

এদিকে আনন্দবাজারের এক প্রতিবেদন ওঠে এসেছে, দলের পরাজয় তাকে কষ্ট দিলেও, রাজ্যে এই বদলকে দেব স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না। প্রযোজকদের উপরে নিয়মের বোঝা চাপাতে পারবে না। সুষ্ঠু ভাবে কাজ হবে। কাজের পরিমাণ বাড়বে। বাইরে থেকেও কাজ আসবে।’

এরপর তিনি বললেন, ‘রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না। আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই। এটাই বরাবর করে এসেছি।’

তার আশ্বাস, ‘বরাবর ইন্ডাস্ট্রির মঙ্গল চেয়েছি। ইন্ডাস্ট্রির মঙ্গল করার চেষ্টা করেছি। নির্বাচনের অনেক আগে থেকে আমার লড়াই শুরু। ভাল লাগছে, সেই লড়াই অবশেষে সফল হল। যিনি বা যারা ইন্ডাস্ট্রির ভাল চাইবেন, নেপথ্যে থেকে আমি সব সময় তাদের পাশে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ