ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

উইকেট পেলেন সৌম্য, চাপে নিউজিল্যান্ড

ব্যাট হাতে ধুঁকছিলেন টম ল্যাথাম। তাকে কট বিহাইন্ড করে তার সমাপ্তি টানলেন একাদশে ফেরা সৌম্য সরকার।

অষ্টাদশ ওভারে ৫২ রানে তৃতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড। অধিনায়ক ল্যাথাম ফিরলেন ৩৫ বলে ১৪ রান করে।

ওপেনার নিক কেলির (৪৫ বলে ২৮*) নতুন সঙ্গী মোহাম্মাদ আব্বাস (১৩ বলে ৯*)।

সবশেষ স্কোর: নিউজিল্যান্ড ২১ ওভারে ৭৩/৩

আবারও নাহিদের আঘাত

নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেও উইকেট পেয়েছেন নাহিদ রানা। এবার তিনি ফেরালেন উইল ইয়াংকে। দশম ওভারে ২৮ রানে দ্বিতীয় উইকেট হারালো নিউজিল্যান্ড।

শর্ট লেন্থের ভেতরে ঢোকা বল ইয়াংয়ের ব্যাটে লেগে বল যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে সৌম্য সরকারের হাতে। সহজ ক্যাচ।

৭ বলে ২ রান করে ফিরেছেন ইয়াং। নিউজিল্যান্ডের দুটি উইকেটই নিয়েছেন নাহিদ রানা।

নতুন ব্যাটসম্যান টম ল্যাথাম (৩৪ বলে ১৪*), সঙ্গে নিক কেলি (৩৮ বলে ১৮*)। ওভারপ্রতি ৩ করে রান করছে নিউজিল্যান্ড।

সবশেষ স্কোর: নিউজিল্যান্ড ১৭.২ ওভারে ৫২/২

প্রথম বলেই নাহিদের উইকেট

প্রথম ওয়ানডেতে করেছিলেন খরুচে বোলিং। দ্বিতীয় ম্যাচে শুরুটা দুর্দান্ত হলো নাহিদ রানার। নিজের স্পেলের প্রথম বলেই পেয়েছেন উইকেটের দেখা।

নাহিদের হাত ধরেই অষ্টম ওভারে প্রথম উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। ২৬ বলে ১৩ রান করা হেনরি নিকোলসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন নাহিদ।

সবশেষ স্কোর: নিউজিল্যান্ড ৮ ওভারে ২৬/১

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডেতেও টসভাগ্য গেল নিউজিল্যান্ডের পক্ষে। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ এবারও পেয়েছে বোলিং।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সোমবার বেলা ১১ টায়।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একই মাঠে আগে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচের একাদশে পরিবর্তন একটি। টানা ব‍্যর্থতায় একাদশে জায়গা হারিয়েছেন আফিফ হোসেন। এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানের জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি টপ অর্ডার ব‍্যাটসম‍্যান সৌম‍্য সরকার।

বাংলাদেশের ১৪তম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে শততম ম্যাচ খেলতে নামছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

একই একাদশ নিয়ে খেলছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, সৌম‍্য সরকার, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রোক, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ