এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু করার লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি আরও ৫ টি ব্রোকারেজ হাউসকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেছে।
প্রতিষ্ঠানগুলো হলো-এম্পেরর সিকিউরিটিজ এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড, গ্লোবাল সিকিউরিটিজ, মোঃ ফখরুল ইসলাম সিকিউরিটিজ, এসআইবিএল সিকিউরিটিজ এবং স্টক এন্ড বন্ড লিমিটেড।
আজ ১২ আগস্ট ২০২৬ তারিখে ডিএসই বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মোঃ আসিফুর রহমান ব্রোকারেজ হাউসগুলোকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র ভারপ্রাপ্ত প্রধান আর্থিক কর্মকর্তা ও মহাব্যবস্থাপক (মার্কেট ডেভেলোপমেন্ট) সাইয়িদ মাহমুদ জুবায়ের, উপমহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান এবং জিশান মুহাম্মদ বিন হাসানসহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ভিত্তিক BHOMS চালুর উদ্যোগ গ্রহণ করেন ২০২০ সাল থেকে। এরই প্রেক্ষিতে ৯৩ টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করেন। আজকের ৫ টি সহ মোট ৬৬ টি ব্রোকার হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়েছে। এর মধ্যে ৫৬ টি ব্রোকার হাউজ ফিক্স সার্টিফিকেশন পাওয়ার পর তারা এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করেছে।

প্রেস বিজ্ঞপ্তি/


















