আন্তমহাদেশীয় প্লে-অফে বলিভিয়াকে হারিয়ে শেষ দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরাক। ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে ফিরল যুদ্ধবিধ্বস্ত দেশটি।
মেক্সিকোর এস্তাদিও বিবিভিএ-তে বাংলাদেশ সময় বুধবার সকালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ইরাক। তাদেরই নিয়েই এবারের বিশ্বকাপের ৪৮ দল পূর্ণ হলো।
এর আগে একবারই বিশ্বকাপে খেলেছিল ইরাক। ১০৮৬ আসরে মেক্সিকোয়। বাছাইয়ের শেষ ধাপ পেরিয়ে সেই দেশই শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাধনহারা উল্লাসে মাতল দলটি।
ম্যাচের দশম মিনিটে আলি আল-মাহাদির গোলে এগিয়ে যায় ইরাক। প্রথমার্ধেই সমতায় ফেরে বলিভিয়া। ৫৩তম মিনিটে আয়মেন হুসেইন আবার এগিয়ে দেন ইরাককে। সেই গোলই শেষ পর্যন্ত দলকে নিয়ে যায় বিশ্ব আসরে।
ম্যাচের পর ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ডও প্রশংসা করলেন দলের মানসিকতার। যুদ্ধের অস্থির সময়ে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পেরে দারুণ তৃপ্ত কোচ।

“ফুটবলারদের অবশ্যই অভিনন্দন জানাই, তারা সত্যিকারের ইরাকি মানসিকতা নিয়ে খেলেছে, লড়াই করেছে এবং জীবন বাজি রেখেছে। এ কারণেই আমরা ম্যাচটি জিতেছি। বলিভিয়াকে পুরো কৃতিত্ব দিতেই হবে, কারণ তারা ভালো খেলেছে। আমাদের জয় সম্ভব হয়েছে শুধুমাত্র দুর্দান্ত রক্ষণভাগের কারণে, যারা নিজেদের জীবন বাজি রেখেছিল, যেমনটা আমি আগেই বলেছি এবং আমরা ক্রসগুলোও খুব ভালোভাবে প্রতিহত করেছি।”
“আমি খুশি যে আমরা ৪ কোটি ৬০ লাখ মানুষকে আনন্দ দিতে পেরেছি, বিশেষ করে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে…।”
বিশ্বকাপে ‘আই’ গ্রুপে ইরাকের সঙ্গী ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে।


















