চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ও প্লে অফে যারা
শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের লড়াই। শেষ দিনে অনুষ্ঠিত ১৮ ম্যাচে চূড়ান্ত হয়েছে প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম আট দল।বাকি আট দল পরবর্তীতে যুক্ত হবে প্লে অফ থেকে।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বের শেষ রাউন্ডের আগে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় খেলার টিকেট নিশ্চিত হয়েছিল কেবল আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের। বুধবার শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে ছয়টি দল- লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি।
শেষ ম্যাচেও শতভাগ সাফল্য ধরে রেখেছে আর্সেনাল; কয়রাত আলমাতিকে ৩-২ গোলে হারিয়েছে তারা। জয় পেয়েছে বায়ার্নও, পিএসভি আইন্দহোভেনের মাঠে ২-১ গোলে।
পয়েন্ট টেবিলে তিন নম্বরে থেকে শেষ রাউন্ডে মাঠে নেমে বেনফিকার বিপক্ষে ৪-২ গোলে হেরে নবম স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের খেলতে হবে প্লে-অফে।অবিশ্বাস্য এক জায়গায় অবশ্য সরাসরি শেষ আট নিশ্চিত করেছে বেনফিকা।

গতবারের চ্যাম্পিয়ন পিএসজিকেও খেলতে হবে প্লে-অফে, শেষ রাউন্ডে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-১ ড্র করে ১১ নম্বরে আছে তারা। ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদের মতো দলগুলোও আছে প্লে-অফে।
কয়রাত আলমাতি, ভিয়ারেয়াল, স্লাভিয়া প্রাহা ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া নিশ্চিত হয়েছিল আগেই। শেষ দিনে তাদের সঙ্গে আরও বিদায় নিয়েছে মার্সেই, পাফোস, ইউনিয়ঁ সাঁ জিলোয়াজ, পিএসভি আইন্দহোভেন, আথলেতিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন ও আয়াক্স।
সরাসরি শেষ ষোলোয় যারা:
আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার সিটি।
প্লে-অফে যারা
রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, ইউভেন্তুস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট, বেনফিকা।


















