ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

স্পেনে পাঁচ লাখ অভিবাসী পেলেন বৈধ নাগরিকত্বের সুযোগ

ইউরোপের সীমান্তে যখন কঠোরতার নীতি দেখা যাচ্ছে, তখন স্পেন হাঁটছে অন্তর্ভুক্তির পথে। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) স্পেন সরকার ঘোষণা দিয়েছে, প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধভাবে দেশের নাগরিক জীবনে অন্তর্ভুক্ত করা হবে।

সরকার এই উদ্যোগ দ্রুত কার্যকর করার জন্য ‘রাজকীয় ডিক্রি’ জারি করছে। ফলে মন্ত্রিসভার অনুমোদনের সঙ্গে সঙ্গে কোনো দীর্ঘ সংসদীয় বিতর্ক ছাড়াই প্রক্রিয়াটি শুরু হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি ইউরোপে একক দেশে এত বড় পরিসরে অভিবাসীদের বৈধকরণের সবচেয়ে বড় উদ্যোগ। ডিক্রির আওতায় গৃহস্থালি কাজ থেকে শুরু করে কৃষি, খুচরা ব্যবসা এবং হাই-টেক স্টার্টআপ খাতের শ্রমিকরা উপকৃত হবেন। ২০০৫ সালের ‘সাপাতেরো নিয়মিতকরণ’ কর্মসূচিকে এটি ছাড়িয়ে গেছে।

স্পেনে বসবাসরত প্রায় ৫০ হাজার বাংলাদেশি দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্রের অভাবে সীমাবদ্ধ জীবনযাপন করছিলেন। বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়মের ফলে ১৫–২০ হাজার বাংলাদেশি সরাসরি উপকৃত হবেন। তারা বৈধ শ্রম চুক্তি করতে পারবে, সরকারি স্বাস্থ্যসেবা পাবেন এবং পরিবারের সঙ্গে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

বার্সেলোনা, মাদ্রিদ, ভালেন্সিয়া ও অন্যান্য শহরে বসবাসরত বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি প্রবাসীদের জন্য এটি বড় ধরনের মানবিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে।

স্পেনের কল্যাণ রাষ্ট্রের টেকসইতা বজায় রাখতে বিপুল সংখ্যক বৈধ শ্রমিক প্রয়োজন। ৫ লাখ মানুষকে বৈধ করলে বছরে প্রায় ২ বিলিয়ন ইউরো কর ও সামাজিক নিরাপত্তা অনুদান সরকারি কোষাগারে যোগ হবে।

ডিক্রি মূলত নির্মাণ শিল্প, বয়স্ক যত্ন এবং সেবা খাতের শ্রম সংকট কমাতে সহায়ক। দক্ষিণ এশীয় শ্রমিকরা ইতিমধ্যে এই খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও পদেমোস দলের উদ্যোগকে অনেকেই রাজনৈতিক মাস্টারস্ট্রোক হিসেবে দেখছেন। সংসদীয় ভোট এড়িয়ে সিদ্ধান্ত নেওয়ায় বিরোধীদের বাধা দেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে অনিশ্চয়তায় থাকা পাঁচ লাখ মানুষ এখন বৈধতার পথে প্রবেশ করতে সক্ষম হচ্ছেন।

স্পেনের এই উদ্যোগ মানবিকতা ও অর্থনীতির মিলনের উদাহরণ হিসেবে ইউরোপে বিশেষভাবে নজরকাড়া।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ