ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার পরিবার, তার দলীয় কর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি ‘আন্তরিক সমবেদনা’ প্রকাশ করেন এবং আল্লাহর কাছে তার আত্মার শান্তি কামনা করেন।

তিনি দু’দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয় উল্লেখ করে তার প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সে সময় তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

পরদিন বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার লাখো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ