ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

হাদির ওপর হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, এ ধরনের হামলার পেছনে উদ্দেশ্য হলো জনগণের মধ্যে ভয় সৃষ্টি করা এবং নির্বাচনী পরিবেশকে দুর্বল করে দেওয়া।

রিজওয়ানা হাসান বলেন, এসব হামলা যতই হোক না কেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাধ্যমেই এই হীন, কাপুরুষোচিত ও চক্রান্তমূলক হামলার উপযুক্ত জবাব দেবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় বজায় রয়েছে। এই সমন্বয় না থাকলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনের পরিবেশ নষ্ট করতে যেন কেউ বিকৃত বা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, গণতন্ত্রের চর্চায় গণমাধ্যম সবসময় শক্তিশালী ভূমিকা রেখেছে। তবে জুলাই আন্দোলনের সময় সেই ভূমিকার ব্যত্যয় ঘটেছিল। তখন অনেক ক্ষেত্রে সঠিক তথ্য প্রচার হয়নি—হোক তা অক্ষমতার কারণে কিংবা বাধার মুখে পড়ে।

তিনি জোর দিয়ে বলেন, তথ্য অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে, বিকৃত নয়। সরকার শক্তিশালী ও গণমুখী গণমাধ্যম দেখতে চায়, যেখানে তথ্যের খণ্ডিত বা বিকৃত উপস্থাপনের কোনো সুযোগ থাকবে না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ