ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

রাজশাহীতে আইসিবি ইসলামিক ব্যাংকের সেবাপক্ষ উপলক্ষে গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে আইসিবি ইসলামিক ব্যাংকের সেবাপক্ষ উপলক্ষে গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত সময়ের সাথে বিজয়ের পথে এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে সেবাপক্ষ উপলক্ষে গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর নানকিং দরবার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা, সেবা উন্নয়নের অঙ্গীকার তুলে ধরা ও নতুন প্রোডাক্ট সম্পর্কে অবহিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ড. সুমন্ত কুমার সাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক শামসুল আরেফীন, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ড. একেএম মুহাম্মদ শহিদুর রহমান তরফদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর পরিচালক প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার পরিচালক কানিজ ফাতেমা এবং আইসিবি ইসলামিক ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য দেন রাজশাহী ও খুলনা অঞ্চলের রিজিওনাল প্রধান মো. কামাল হোসেন।

গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন ঠিকাদার কাজী শফিকুল আলম। তিনি বলেন, “দীর্ঘ ৩৮ বছর ধরে আমি এই ব্যাংকের গ্রাহক। ব্যাংকের নাম তিনবার পরিবর্তন হলেও আমি এখানেই থেকেছি। এই ব্যাংকের সঙ্গে আমার একটি আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি ব্যাংকের প্রধান শক্তি তার গ্রাহক—আর সেই গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়াই ব্যাংকের মূল লক্ষ্য। আইসিবি ইসলামিক ব্যাংক শুরু থেকেই সুশাসন, পেশাদারি মনোভাব ও সময়োপযোগী সেবা নিশ্চিতের মাধ্যমে বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। গ্রাহকদের আস্থা অর্জনই ছিল নতুন ব্যাংক হিসেবে তাদের বড় চ্যালেঞ্জ, যা তারা সফলভাবে অতিক্রম করতে পেরেছে।

বক্তারা আরও জানান, ১৯৮৭ সালে আল-বারাকা ব্যাংক হিসেবে যাত্রা শুরু করা এই ব্যাংক নানা উত্থান-পতনের মধ্য দিয়ে আজ আইসিবি ইসলামিক ব্যাংক হিসেবে আবারও গ্রাহকদের আস্থা অর্জন করেছে। নতুন উদ্যমে যাত্রা শুরু করা এই ব্যাংক সেবাপক্ষ-২০২৫ উপলক্ষে আকর্ষণীয় মুনাফা ও নতুন বিনিয়োগ-আমানত প্রোডাক্ট চালু করেছে। গ্রাহকদের সহযোগিতা ও বিশ্বাস আগামী পথচলায় ব্যাংককে আরও এগিয়ে নেবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ প্রায় দুই শতাধিক গ্রাহক অংশ নেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ