নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় এক শিশুকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ফ্ল্যাটের ভাড়াটে কুমোদ চন্দ্র নাথ (৪৩), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ঐর্দিকা (৮) ও ছেলে তূর্য (৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রান্নাঘরের লাইনের গ্যাসের চুলার সুইচ খোলা থাকায় গ্যাস লিকেজে পুরো ঘরে গ্যাস জমে থাকে। এ সময় ওই বাসার একটি কক্ষের মেঝেতে বাতি জ্বালাতে গেলে গ্যাসে বিস্ফোরণ ঘটে। এ সময় ওই পরিবারের দুই শিশুসহ তাদের মা-বাবা দগ্ধ হয়। বিস্ফোরণে ওই বাসার একটি দেয়ালের সামান্য অংশ ও জানালার থাই গ্লাসগুলো চূর্ণবিচূর্ণ হয়ে উড়ে যায়। বিস্ফোরণের বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা এসে তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান চালায়।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আবদুল মালেক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসায় রান্নাঘরের গ্যাসের চুলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বদ্ধঘরে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।



















