ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

তৌহিদ-ইসহাক দ্বিপক্ষীয় বৈঠক আজ

বাংলাদেশের অন্তর্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে আজ রবিবার (২৪শে আগস্ট) এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে সম্পর্ক স্বাভাবিকীকরণে জোর দেবে ঢাকা, অন্যদিকে সম্পর্ক ঘনিষ্ঠ করার বার্তা দিতে পারে ইসলামাবাদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠক শেষে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি, বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে সমঝোতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতা বিষয়ক চুক্তি থাকতে পারে।

সূত্র জানায়, আলোচনায় ব্যবসা, বিনিয়োগ, কৃষি, জনগণের চলাচল সহজ করা, সাংস্কৃতিক বিনিময় ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়ও আসবে। তবে বাংলাদেশ স্পষ্ট করেছে—অমীমাংসিত তিন ঐতিহাসিক ইস্যু (১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা প্রার্থনা, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং অবিভক্ত সম্পদের হিস্যা) বাদ দিয়ে সম্পর্ক অগ্রসর হবে না।

বৈঠক শেষে ইসহাক দার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর আগে শনিবার ঢাকায় এসে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন।

প্রায় এক যুগ পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর। সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হওয়াসহ বেশকিছু দৃশ্যমান অগ্রগতিতে ইসলামাবাদ ও ঢাকা উভয়ই সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। তবে কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ অমীমাংসিত বিষয়গুলো সমাধান ছাড়া সম্পর্ক স্বাভাবিক করবে না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ