বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। তবে ডিএসইর বাজার মূলধনে রয়েছে ইতিবাচক প্রবণতা। গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার কোটি টাকার বাজার মূলধন ফিরেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ৭৯ কোটি ২২ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ১২ হাজার ২২৩ কোটি টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে দশমিক ৪০ শতাংশ বা ২ হাজার ৮৫৫ কোটি ৮১ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩ হাজার ৬৪৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ১৯৪ কোটি ৩১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৫৪৮ কোটি ৮১ লাখ টাকার লেনদেন কমেছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩৫ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৬.৬৫ পয়েন্ট কমে ২ হাজার ১১৪ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ২২৭টির এবং অপরবর্তিত রয়েছে ৩০টির।


















