ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

কেনিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে নিহত ৬, আহত ২

কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা সহায়তা নিয়ে যাওয়া এই এয়ার অ্যাম্বুলেন্সটি মাঝআকাশে আগুন ধরে বিধ্বস্ত হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে আতঙ্ক ও শোকের মধ্যে পড়েন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন, যাদের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটে উইলসন বিমানবন্দর থেকে সোমালিল্যান্ডের উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি। প্রায় ৪০ মিনিট পর, বিকেল ৩টার দিকে রাজধানী নাইরোবির কাইম্বু এলাকার কাছে এটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, উড্ডয়নের পরপরই বিমানে ত্রুটি দেখা দেয় এবং আকাশে আগুন লাগার পর সেটি নিয়ন্ত্রণ হারায়। বিমানটি চিকিৎসা সহায়তা নিয়ে যাচ্ছিল, যা একটি জরুরি এয়ার অ্যাম্বুলেন্স মিশনের অংশ ছিল।

কাইম্বু কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা জানান, নিহতদের মধ্যে পাইলটসহ চারজন যাত্রী ছিলেন বিমানে, আরেকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এছাড়া, যে বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হয়, সেখানে দুজন বাসিন্দা প্রাণ হারিয়েছেন এবং একজন আহত হয়েছেন। সব মিলিয়ে ছয়জন নিহত ও দুইজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ঘটনাস্থল থেকে সংবাদ সংস্থা এএফপির তোলা ছবিতে দেখা গেছে, শত শত মানুষ ভিড় করে আছে, আর ধ্বংসাবশেষের চারপাশে কেনিয়া রেডক্রস ও উদ্ধারকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে অনুসন্ধান চালাচ্ছেন। স্থানীয় বাসিন্দা তাশা ওয়ানজিরা বলেন, “আমি দেখেছি আকাশেই বিমানটিতে আগুন ধরে যায়, তারপর সেটি সরাসরি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।”

এ দুর্ঘটনায় বিমানের ধ্বংসাবশেষ আশপাশের বাড়িঘর ও রাস্তার ওপর ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী, এবং তদন্তকারীরা দুর্ঘটনার কারণ খুঁজে বের করার কাজ শুরু করেছেন। তথ্যসূত্র : আল জাজিরা

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ