ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

টিআরএফকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র পাকিস্তানি চরমপন্থি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার শাখা হিসেবে পরিচিত ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’কে (টিআরএফ) ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে। ভারত-শাসিত কাশ্মীরে গত ২২ এপ্রিল জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়। এর পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার (১৭ জুলাই) এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

রুবিও এক বিবৃতিতে বলেন, ওয়াশিংটন টিআরএফকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ এবং ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পেহেলগামে হামলার জন্য ন্যায়বিচারের দাবিকে’ সমর্থন করেছে।

২০১৯ সালে গঠিত টিআরএফ’কে লস্কর-ই-তৈয়বার ‘ছদ্মবেশী ও প্রতিনিধি সংগঠন’ হিসেবে বর্ণনা করেছেন রুবিও। দিল্লিভিত্তিক গবেষণা সংস্থা সাউথ এশিয়া টেররিজম পোর্টালের ভাষ্য, টিআরএফ লস্কর-ই-তৈয়বার একটি শাখা।

প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামেও পরিচিত ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ পেহেলগামে হামলার দায় প্রথমে স্বীকার করে। তবে কয়েক দিন বাদে এই দায় অস্বীকার করে।

পেহেলগাম হামলার কারণে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সংঘাত দেখা দেয়। দিল্লি এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে। তবে পাকিস্তান তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।

ওয়াশিংটনভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক ও ‘ফরেন পলিসি’ ম্যাগাজিনের লেখক মাইকেল কুগেলম্যান বলেন, ওয়াশিংটন টিআরএফকে তালিকাভুক্ত করার মাধ্যমে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত করা সন্ত্রাসী হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং নয়াদিল্লির দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত পোষণ করেছে যে- এই গোষ্ঠীর সঙ্গে লস্কর-ই-তৈয়বার যোগ রয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক কঠিন সময়ের পর যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের জন্য এই পদক্ষেপ সহায়ক হতে পারে।

রয়টার্স লিখেছে, এশিয়ায় চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের জন্য ভারত গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠছে। অন্যদিকে, পাকিস্তান যুক্তরাষ্ট্রের পুরনো মিত্র।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ