পবিত্র হজব্রত পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৬০ হাজার ৫১৩ জন হাজি দেশে ফিরেছেন।
আজ সোমবার (৩০ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৫ হাজার ৫০৬ জন হাজি।
ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেরেন ২৬ হাজার ৭৬৭ জন, সৌদি এয়ারলাইন্সে ২৪ হাজার ৯৭০ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৭৭৬ জন হাজি।

এ পর্যন্ত ১৬০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭১ ও সৌদি এয়ারলাইন্স ৬৬টি ফ্লাইট, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।
ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের তথ্যমতে, এ বছর হজ পালনে গিয়ে ৪১ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃত্যুর কারণগুলোর মধ্যে বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল প্রধান।
এবারের হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল। আর ৩১ মে শেষ হজ ফ্লাইট পরিচালিত হয়।
গত ৫ জুন অনষ্ঠিত হয় হজ। এরপর গত ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হয়, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

















