ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব নয় : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। শনিবার (২১ জুন) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়।

সরকারের সাথে কমিশন যোগাযোগ রাখছে জানিয়ে সিইসি জানান, নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে। নির্বাচনের কাজ এগিয়ে নেয়ার জন্য কমিশনের কর্মপরিকল্পনা আছে। প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তন হবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সরকারের সঙ্গে আমাদের যোগাযোগের যে বিষয়টা সেটা প্রতিনিয়ত হচ্ছে বা একদম হচ্ছে না, বিষয়টা এমন না। নির্বাচনের তারিখ যথা সময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে নির্বাচনে তফসিল ঘোষণা করবো। সরকারের সঙ্গে এজন্য পরিকল্পনা করে ঘোষণা দিয়ে দেখা করতে হবে এমন না। ফরমারি, ইনফরমালি নানাভাবে যোগাযোগ হতে পারে। আমরা সরকারের ধারে কাছে নাই, একটা দ্বীপে আছি এমন তো না। সংস্কার কমিশনের সুপারিশ আছে, এর মধ্যে ইসি সংস্কার আছে, এর মধ্যে আমরা সম্পৃক্ত। এগুলোকে ধারণ করেই এগিয়ে যেতে হবে। সময় হলেই যোগাযোগ হবে।

এর আগে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের আওতায় আনার প্রতি জোর দেন। এ সময় অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডি মহাপরিচালকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ