ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১:৪২ পূর্বাহ্ন

৩৬ জেলায় বইছে তাপপ্রবাহ, সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস

দেশের ৩৬টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে।

মঙ্গলবার (১০ জুন) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী, পটুয়াখালীসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহ বইছে।

আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস: বুধবার (১১ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (১২ জুন): ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (১৩ জুন): রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় একই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আরও সামান্য হ্রাস পেতে পারে।

শনিবার (১৪ জুন): প্রায় একই ধরনের বৃষ্টিপাত ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। রাজশাহীতেও কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির প্রবণতা আগামী পাঁচদিন অব্যাহত থাকতে পারে, যা দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমিয়ে আনবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ