ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

বলিউড অভিনেতা সাইফ আলী খানের জন্য আবারও দুঃসংবাদ

বলিউড অভিনেতা সাইফ আলী খানের জীবনে যেন দুঃসংবাদের শেষ নেই। মধ্যপ্রদেশ সরকার শিগগিরই ‘শত্রু সম্পত্তি আইন’-এর অধীনে তার পারিবারিক সম্পত্তি অধিগ্রহণ করতে পারে, যার বাজারমূল্য প্রায় ১৫ হাজার কোটি টাকা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১৫ সালে ভোপাল হাই কোর্ট এই সম্পত্তি দখলের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছিল। তবে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর হাই কোর্ট সাইফের আবেদন খারিজ করে দিয়ে স্থগিতাদেশ তুলে নিয়েছে। ফলে সম্পত্তি দখলে এখন আর কোনও বাধা নেই মধ্যপ্রদেশ সরকারের জন্য।

সাইফের পারিবারিক এই সম্পত্তি ভোপালের কোহেফিজা থেকে চিকলোড় পর্যন্ত বিস্তৃত। এটি ছিল ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের অধীনস্থ সম্পত্তি। সাইফ আলী খান তার প্রপৌত্র। নবাব হামিদুল্লাহ খানের কন্যা আবিদা সুলতান ১৯৫০ সালে পাকিস্তানে চলে যান। এরপর এই সম্পত্তি পতৌদি পরিবারের দখলে ছিল।

ভারতের ‘শত্রু সম্পত্তি আইন’ অনুযায়ী, ১৯৪৭ সালে দেশভাগের পর যারা স্থায়ীভাবে পাকিস্তান বা চীনে চলে গেছেন, তাদের ভারতে থাকা জমি, বাড়ি এবং শেয়ারের মতো সম্পত্তিকে ‘শত্রু সম্পত্তি’ ঘোষণা করা হয়। এর মালিকানা তাদের বংশধরদের আর স্বীকৃত নয় এবং সরকার এসব সম্পত্তি বাজেয়াপ্ত বা বিক্রি করতে পারে।

সাইফ আলী খান মঙ্গলবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এরই মধ্যে সরকারের এই সিদ্ধান্ত তার পরিবারে নতুন করে দুশ্চিন্তা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ