ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এটি শুরু হওয়ার আগে ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন ১০ জন, আহত হয়েছেন আরও ২৫ জন। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।
যুদ্ধবিরতির শুরুর আগে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় ছয়জন গাজা সিটিতে, তিনজন উত্তর গাজায় এবং একজন রাফায় নিহত হয়েছেন।
ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে তিন নারী জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। তারা হলেন রোমি গোনেন, এমিলি দামানি এবং দোরোন স্টেনব্রিচার। মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে হামাস এই তালিকা হস্তান্তর করেছে।
ইসরায়েলের দাবি, হামাস জিম্মিদের নামের তালিকা দিতে দেরি করায় যুদ্ধবিরতি কার্যকরে বিলম্ব হয়েছে। তবে শেষ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেওয়া হয়।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় গাজার সাধারণ মানুষেরা স্বস্তি ফিরে পাওয়ার আশা করলেও শুরুতেই প্রাণহানি তাদের জন্য গভীর হতাশার কারণ।

সূত্র: বিবিসি


















