ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

চার-ছক্কার দাপটে আইপিএলকে চ্যালেঞ্জ জানাচ্ছে বিপিএল

২০২৫ সালের বিপিএল নানা বিতর্ক আর সমালোচনার মধ্য দিয়ে শুরু হলেও মাঠের ক্রিকেটে ছড়াচ্ছে দারুণ উত্তেজনা। প্রথম দিন থেকেই ব্যাটারদের রানের ঝড় আর দর্শকদের উচ্ছ্বাস পুরো আসরকে ভিন্নমাত্রা দিয়েছে। চার-ছক্কার হিসাবের দিকে তাকালে এবারের বিপিএল কিছু ক্ষেত্রে টেক্কা দিচ্ছে আইপিএলকেও।

এবারের বিপিএলে উদ্বোধনী দিনে রান ওঠে ৭০০-এর বেশি, যা টুর্নামেন্টের ইতিহাসে নজিরবিহীন। এখন পর্যন্ত অনুষ্ঠিত ২০ ম্যাচে ৪০ ইনিংসের মধ্যে ৮ বার দলীয় স্কোর ২০০ পেরিয়েছে। প্রতি ৫ ইনিংসে একটি করে ২০০ ছাড়ানো স্কোর যেন রানের উৎসবেরই প্রমাণ।

চলতি বিপিএলে ম্যাচপ্রতি গড়ে ১৭.১টি ছক্কা হয়েছে, যা ২০২৪ আইপিএলের ১৭.০৭২ ছক্কার গড়কেও ছাপিয়ে গেছে। এখন পর্যন্ত ৩৪২টি ছক্কা দেখা গেছে, যেখানে প্রতি ১৩.৩৩ বলে একটি ছক্কা হাঁকানো হয়েছে।

চারের সংখ্যায় বিপিএল কিছুটা পিছিয়ে থাকলেও তাও নেহাত কম নয়। প্রতি ম্যাচে গড়ে ২৮টির বেশি চার দেখা গেছে, যা আইপিএল বা পিএসএলের চেয়ে সামান্য কম।

এবারের বিপিএলে ইতিমধ্যেই দেখা গেছে ৫টি সেঞ্চুরি, যা আরও কয়েকটি সেঞ্চুরির প্রত্যাশা জাগায়। ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তামিম ও লিটন দাসের রেকর্ড ওপেনিং জুটি যেমন আলোচনার কেন্দ্রে, তেমনই রানের বন্যা পুরো টুর্নামেন্টের বিজ্ঞাপন হয়ে উঠেছে।

বিপিএলের এই রানের উৎসবের পেছনে ছোট মাঠের অবদান নিয়ে প্রশ্ন উঠলেও উইকেটের উন্নতি আর ব্যাটারদের দক্ষতা দর্শকদের চমকপ্রদ বিনোদন দিয়েছে।

সব মিলিয়ে, এবারের বিপিএল তার ক্রিকেটীয় বৈশিষ্ট্যেই নিজেকে প্রমাণ করেছে। চার-ছক্কার এই দাপট টুর্নামেন্টের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ