ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

৪ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

রাজশাহীর বেলপুকুর রেলগেটে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উদ্ধার কাজ শেষ করে বেলা পৌনে ১১টার দিকে ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে যাত্রা পুনরায় শুরু করে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৬টার দিকে বেলপুকুর রেলগেটে পৌঁছালে এর চার নম্বর বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইনের কয়েকটি জায়গা ভেঙে যায় এবং স্লিপারের সঙ্গে আটকানো হুকগুলো ক্ষতিগ্রস্ত হয়।

রেল বিভাগের ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ক্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার করে। পরে লাইন মেরামতের কাজ শেষ করে রেল যোগাযোগ পুনরায় চালু করা হয়।

বগি লাইনচ্যুতির কারণে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি ও সিল্কসিটি এক্সপ্রেসসহ তিনটি ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীরা স্টেশনে অপেক্ষায় দুর্ভোগে পড়েন। দুর্ঘটনার সময় বিকট শব্দ ও বগি থেকে ধোঁয়া উঠতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

পাকশী রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল ট্রান্সপোর্ট ম্যানেজার হাসিনা খাতুন জানান, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কেন বগি লাইনচ্যুত হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।

উদ্ধার কার্যক্রম শেষে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। পর্যায়ক্রমে সব ট্রেন নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানিয়েছে রেল বিভাগ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ