টলিউডে সুপারহিট হয়ে ওঠা অভিনেত্রী ইধিকা পালের জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। সিরিয়াল থেকে বাংলাদেশি সিনেমা এবং টলিউড—সবখানেই তার কদর। সম্প্রতি এক মজার ঘটনায় আবারও প্রমাণ হলো তার ভক্তদের অগাধ ভালোবাসার কথা।
রাতের শহরের রাস্তায় গাড়ির সামনের সিটে বসা ইধিকাকে দেখে বাইক আরোহী এক কিশোরী হঠাৎই চিৎকার দিয়ে উঠল, ‘কিশোরীইইই!’ বাবা-মায়ের মাঝখানে বসা সেই কিশোরীর এমন উচ্ছ্বাসে হেসে ফেলেন ইধিকা। তিনি তার ভক্তকে উড়ন্ত চুম্বন ছুড়ে ভালোবাসার জবাব দেন।
২০ ডিসেম্বর ওপার বাংলার বক্স অফিসে মুক্তি পাওয়া ‘খাদান’ ছবিতে দেব, যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত ও অনির্বাণ চক্রবর্তীদের সঙ্গে অভিনয় করেছেন ইধিকা। নতুন বছরের ৩ জানুয়ারিতে সারা দেশে মুক্তি পাওয়ার পর মাত্র দুই দিনেই ছবিটি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মুম্বাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুণের মাল্টিপ্লেক্সগুলোতে ‘খাদান’ কোথাও হাউসফুল, আবার কোথাও প্রায় হাউসফুল শো চলছে। ১৫ দিনের মধ্যেই ছবিটি আয় করেছে ১৪ কোটি টাকা।
ইধিকার জনপ্রিয়তার আরেকটি বড় কারণ ‘কিশোরী’ গান। মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই গানটি ১ কোটি ভিউ পেরিয়ে যায়, যা এখন ৬ কোটিরও বেশি। ইধিকা বলেন, ‘গানটি এতো দ্রুত জনপ্রিয় হবে ভাবিনি। দর্শকদের এমন ভালোবাসা সত্যিই অসাধারণ।’

ইধিকা আরও বলেন, ‘বেঙ্গল ট্যুরে গিয়ে মানুষের ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছি। স্টেজে আমাদের সঙ্গে খাদান লেখা টিশার্ট পরে দর্শকদের আসা ছিল অবিশ্বাস্য। তাদের মুখে মুখে গানের লাইন শুনে মন ভরে গেছে।’
ইধিকা পালের এই জনপ্রিয়তা শুধু টলিউডেই নয়, বরং পুরো উপমহাদেশজুড়েই তার ভক্তদের জন্য হয়ে উঠেছে উদযাপনের কারণ।


















