বলিউডের প্রথম সারির তারকা হলেও মনের দিক থেকে যেন অনেক বড় তারকা সোনু সোদ। পর্দায় খলনায়ক হলেও বাস্তবে তিনি যেন ‘হিরো’। করোনা প্রকোপে প্রতি মুহূর্তেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন এই নায়ক। কখনো কখনো ফিরিয়ে আনা পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করে দিয়েছেন, কোনো শিক্ষার্থীকে ভার্চ্যুয়াল ক্লাসের জন্য ল্যাপটপ কিংবা মুঠোফোন পৌঁছে দিয়েছেন। আবার কখনো কারও মা, বাবা কিংবা দুস্থ আত্মীয়ের চিকিৎসার জন্য টাকা দিয়েছেন। নিজ উদ্যোগে বাস, ট্রেন, এমনকি উড়োজাহাজে করেও এ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যের ২০ হাজার পরিযায়ী দিনমজুর ও তাদের পরিবারকে বাড়ি পাঠিয়েছেন তিনি। বিগত ৮ মাস নিজের এই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন সোনু।
অনেকের মনেই প্রশ্ন এত টাকা পাচ্ছেন কোথা থেকে সোনু? এমনকি ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও এমন প্রশ্ন করেছেন তাকে। জবাব দেননি সোনু। বরং মুচকি হেসে সে প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন সোনু। সম্প্রতি প্রকাশ পেল সোনুর অর্থের উৎস।

মানুষের পাশে দাঁড়ানোর জন্য কী মহানুভবতা দেখিয়েছেন পর্দার খলনায়ক। জানা গেল, মুম্বাইয়ের জুহুতে নিজের আটটি সম্পত্তি বন্ধক রেখেছেন অভিনেতা। তার বিনিময়েই পেয়েছেন ১০ কোটি টাকা। সেই টাকা দিয়েই মানুষের সেবা করছেন তিনি। জানা গেছে, জুহুর শিব সাগরের গ্রাউন্ড ফ্লোরে ছয়টি ফ্লোর আছে সোনুর। তার পাশাপাশি রয়েছে গ্রাউন্ড ফ্লোরে দুটি দোকান।
সেখানকার ইসকন মন্দিরের কাছে এবি নায়ার রোডে অবস্থিত সম্পত্তিগুলো সোনু ও তার স্ত্রী সোনালির নামে। ব্যাংকে এগুলো বন্ধক রেখেছেন তিনি। এর বিনিময়ে ১০ কোটি টাকা ঋণ নিয়েছেন সোনু। ২৪ নভেম্বর নাকি এর জন্য ৫ লাখ টাকা রেজিস্ট্রেশন ফিও দেওয়া হয়েছে। সেই সূত্রেই এই খবর বাইরে এসেছে। জুন মাসে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনু বলেন, ‘চলচ্চিত্রজগতের বাইরে থেকে এলে মোটামুটি সবাইকে স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়।

সোনুর চলচ্চিত্রজীবনের শুরুর দিকের অধ্যায় ভীষণ সংগ্রামের। নিজের পরিচয় গড়ে তোলার জন্য ১৪ বছর পরিশ্রমের পর পায়ের তলায় শক্ত মাটি পান তিনি। করোনাকালে হাজার হাজার মানুষের জীবনসংগ্রাম দেখে নিজের সেই অতীতের দিনগুলো আবার সোনুর স্মৃতিতে হানা দেয়। আর প্রতিকূল পরিস্থিতিতে পর্দার খলনায়কের ইমেজ ছাপিয়ে বাস্তবের ‘হিরো’ হয়ে উঠেছেন সোনু সুদ।


















