প্যারিসে ২০২০ সালে স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটি হত্যায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগে আটজন প্রাপ্তবয়স্ক আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। গত বছর এই মামলায় ছয় কিশোরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল।
৪৭ বছর বয়সি শিক্ষক প্যাটিকে ছুরিকাঘাত করার পর তার মস্তক বিচ্ছিন্ন করা হয়েছিল। তার ওপর হামলাকারী ১৮ বছর বয়সি চেচেন শরণার্থী আব্দুল্লাখ আনজরভ ঘটনাস্থলে পুলিশের গুলিতে প্রাণ হারা। ইতিহাস ও ভূগোলের শিক্ষক প্যাটি শ্রেণিকক্ষে হাস্যরস বিষয়ক ম্যাগাজিনে মহানবি হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে প্রকাশিত কুখ্যাত কার্টুন দেখিয়েছেন- সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর তাকে হত্যা করা হয়।
ফ্রান্সে বাকস্বাধীনতা আইন নিয়ে আলোচনার সময় প্যাটি ওই বিতর্কিত ম্যাগাজিন ব্যবহার করেছিলেন। ফ্রান্সে ধর্মঅবমাননা বৈধ এবং ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে হাস্যরসের দীর্ঘ ইতিহাস রয়েছে। প্যাটি হত্যার কয়েক সপ্তাহ আগে শার্লি এব্দো নামে কুখ্যাত ওই ম্যাগাজিনে বিতর্কিত কার্টুনগুলো আবার ছাপা হয়েছিল। ২০১৫ সালে কার্টুনগুলো প্রথমবার প্রকাশের পর বন্দুকধারীরা শার্লি এব্দোর কার্যালয়ে ঢুকে ১২ জনকে হত্যা করেছিল৷
কারাদণ্ডপ্রাপ্ত আটজনের মধ্যে দুজনের বিরুদ্ধে হত্যাকারীকে অস্ত্র কিনতে সহায়তা ও তাকে হত্যাকাণ্ডের ঘটনাস্থলে নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। প্যারিসের একটি বিশেষ আদালত আসামিদের এক থেকে ১৬ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে। তাদেরকে সমাজে ঘৃণা ছাড়ানোর দায়ে দোষী সাব্যস্ত হয়।
শুক্রবার রায়ের জন্য ৫৪০ আসনের আদালত কক্ষটি পরিপূর্ণ ছিল। আসামি- নাইম বৌদাউদ (২২) এবং আজিম এপসিরখানভ (২৩) হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন, তাদের প্রত্যেককে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বউদাউদের বিরুদ্ধে হামলাকারী আব্দুল্লাখ আনজোরভকে স্কুলে নিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং এপসিরখানভ তাকে অস্ত্র সংগ্রহ করতে সাহায্য করেছিল বলে দোষী সাব্যস্থ হয়।

এছাড়া প্যাটির বিরুদ্ধে অনলাইনে একটি ঘৃণামূলক প্রচারণা পরিচালনা করার জন্য ইমাম আব্দেলহাকিম সেফ্রিউইকে (৬৫) ১৫ বছরের কারাদণ্ড, ইব্রাহিম ছিনা (৫২) নামে আরেক আসাসিকে শিক্ষকের নাম এবং তার স্কুল শনাক্ত করার জন্য ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। অন্য চার আসামিকে অনলাইনে বিষয়টি অন্যদের মধ্যে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।


















