ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ২:০২ পূর্বাহ্ন

ভারতকে হারিয়ে যুবাদের এশিয়া কাপ জয়ের উচ্ছ্বাসে ভাসল গ্যালারি

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ যুব দল। এ জয়ে গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন।

ছুটির দিনের ম্যাচটিতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শত শত দর্শক পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে গ্যালারিতে এসে দলকে সমর্থন জানান।

অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলেন, “স্বল্প স্কোর নিয়েও জয়ের জন্য আমরা আত্মবিশ্বাসী ছিলাম। গ্যালারির দর্শকদের উৎসাহ আমাদের সেই সাহস যুগিয়েছে। এই জয় তাদের জন্য উৎসর্গ করছি।”

দুবাইয়ের প্রবাসী দর্শক তোফায়েল পাপ্পু, রায়হান আহমেদ রিয়াদ, ও শাহেদ সৃজন জানান, গত বছর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় যেমন আনন্দ দিয়েছিল, এবার ভারতকে হারিয়ে সেই আনন্দ আরও বাড়িয়ে দিয়েছেন যুবারা।

বাংলাদেশ যুব দলের এ জয়ে আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য আবারও ক্রিকেট উৎসবের উপলক্ষ্য তৈরি হয়েছে। গতবারের মতো এবারও শিরোপা ধরে রাখার মধ্য দিয়ে যুবাদের ধারাবাহিক পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সবাই।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ