জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ঘোষণা করেছে তাদের নতুন তথ্যচিত্র ‘ইয়ো ইয়ো হানি সিং: ফেমাস’। অস্কারজয়ী প্রযোজনা সংস্থা ‘শিক্ষা এন্টারটেনমেন্ট’-এর প্রযোজনায় এবং মোজেজ সিংয়ের পরিচালনায় এই তথ্যচিত্র নির্মিত হবে।
তথ্যচিত্রটি ভারতের জনপ্রিয় গায়ক ও র্যাপার হানি সিংয়ের জীবন ঘিরে। তার সংগীত জগতে উত্থান, সাফল্য, এবং পেশাগত জীবনে চ্যালেঞ্জ নিয়ে কামব্যাক করার সংগ্রামের গল্প এতে তুলে ধরা হবে।
সম্প্রতি নেটফ্লিক্স তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সিনেমার পোস্টার প্রকাশ করেছে। পোস্টারে হানি সিংকে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সঙ্গে মুক্তির তারিখও জানানো হয়েছে—২০ ডিসেম্বর থেকে এই তথ্যচিত্র দেখা যাবে নেটফ্লিক্সে।
নেটফ্লিক্স পোস্টের ক্যাপশনে লিখেছে, *“যে নাম আপনাদের পরিচিত, কিন্তু গল্প অজানা। সেই কিংবদন্তির উত্থানের গল্প জানুন যিনি ভারতীয় সংগীতের মুখ চিরতরে বদলে দিয়েছিলেন।”*
তথ্যচিত্রটির ঘোষণায় অনুরাগীদের মধ্যে দারুণ উচ্ছ্বাস দেখা গেছে। কেউ বলছেন, “অবশেষে আসছে,” আবার কেউ মন্তব্য করেছেন, “শুধুমাত্র এই তথ্যচিত্র দেখার জন্যই নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নেবো।”

হানি সিংয়ের ভক্তদের জন্য এটি হতে চলেছে একটি বিশেষ উপহার।


















