ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

“পুঁজিবাজারে মাফিয়াদের কোনভাবেই আটকানো যাচ্ছেনা” শীর্ষক প্রতিবেদন বিষয়ে প্রতিবাদ

নয়া শতাব্দী পত্রিকায় ০৩ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত “পুঁজিবাজারে মাফিয়াদের কোনভাবেই আটকানো যাচ্ছেনা” শীর্ষক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
উক্ত প্রতিবেদনে আইসিবি সম্পর্কিত যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা বিভ্রান্তিমূলক এবং ভিত্তিহীন বলে জানিয়েছে সংস্থাটি।

প্রতিবাদ লিপিতে আইসিবি’র সহকারী মহাব্যবস্থাপক (পিআরডি) মোঃ মহিউদ্দীন জানায়, প্রতিবেদনে তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিম কোম্পানির শেয়ার উচ্চ মূল্যে ক্রয়ের বিষয়ে আইসিবি’র বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, বানোয়াট, উদ্দেশ্যমূলক এবং মানহানিকর। প্রতিবেদনে আইসিবি’র বিনিয়োগ প্রক্রিয়া নিয়ে যেসব বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সাংবাদিকতার নীতিমালার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

আইসিবি তার প্রতিষ্ঠালগ্ন থেকে আইন, বিধি-বিধান এবং নীতিমালা অনুযায়ী স্বচ্ছতা, জবাবদিহিতা, এবং পেশাদারিত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনা করে আসছে। কর্পোরেশনের নিজস্ব পোর্টফোলিওতে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় সম্পর্কিত কার্যক্রম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক জারিকৃত বিধিবিধান এবং পরিচালনা বোর্ড কর্তৃক অনুমোদিত বিনিয়োগ নীতিমালার আলোকে পরিচালিত হয়।

আইসিবি’র বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ৪ স্তরের পর্যালোচনা প্রক্রিয়া অনুসরণ করা হয়, যা নিম্নরূপ:

১. মৌলিক ও টেকনিক্যাল বিশ্লেষণ: আইসিবি’র রিসার্চ টিম প্রতিটি বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করে মৌলিক ও টেকনিক্যাল বিশ্লেষণের মাধ্যমে সুপারিশ প্রদান করে।

২. পোর্টফোলিও ম্যানেজমেন্ট কমিটির অনুমোদন: গবেষণার সুপারিশের ভিত্তিতে পোর্টফোলিও ম্যানেজমেন্ট কমিটি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে।

৩. বিনিয়োগ নিরীক্ষা কমিটির পর্যালোচনা: মাসিক ভিত্তিতে বিনিয়োগ কার্যক্রম পর্যালোচনা ও তদারকির জন্য বিনিয়োগ নিরীক্ষা কমিটি দায়িত্ব পালন করে।

৪. পরিচালনা বোর্ডের তদারকি: সামগ্রিক কার্যক্রম তদারকির জন্য পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে গঠিত তদারকি কমিটি বিনিয়োগ সিদ্ধান্তগুলো পর্যালোচনা ও অনুমোদন করে।

এই ৪ স্তরের পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে আইসিবি তার বিনিয়োগ কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাদারিত্ব নিশ্চিত করে।

অতএব, ০৩ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত প্রতিবেদনে আইসিবি সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ অমূলক এবং বিভ্রান্তিকর।

এমতাবস্থায়, ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করছি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ