ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

আইপিএল নিলামে টাকার ঝড়: কে লাভবান, কে ক্ষতিগ্রস্ত

টাকার ঝলক আর নিলামের উত্তেজনায় আবারও নজর কাড়ল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসন্ন অষ্টাদশ আসরের মেগা নিলামের প্রথম দিনেই ফ্র্যাঞ্চাইজিগুলো ৮৪ জন ক্রিকেটারের জন্য খরচ করেছে ৪৬৭.৯৫ কোটি রুপি। যদিও এই ক্রিকেটারদের মধ্যে ৭২ জন পেয়েছেন দল, ১২ জন অবিক্রিত থেকে গেছেন।

রেকর্ডমূল্যে বিক্রি পান্ত ও শ্রেয়াস

নিলামের সবচেয়ে আলোচিত নাম ঋষভ পান্ত। দিল্লি ক্যাপিটালস থেকে ১৬ কোটি রুপির পারিশ্রমিক পাওয়া এই উইকেটরক্ষক-ব্যাটারকে লখনৌ সুপার জায়ান্টস ২৭ কোটি রুপিতে দলে টেনেছে। যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে, শ্রেয়াস আইয়ারকে পাঞ্জাব কিংস নিয়েছে ২৬.৭৫ কোটি রুপিতে, যা আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ মূল্য। আগের আসরে ১২.২৫ কোটির পারিশ্রমিক পাওয়া শ্রেয়াসের দাম এবার দ্বিগুণেরও বেশি বেড়েছে।

বেশি দাম পেলেন বেঙ্কটেশ ও বাটলার

কলকাতা নাইট রাইডার্স বেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি রুপিতে কিনেছে, যা বিরাট কোহলির ২১ কোটির পারিশ্রমিককেও ছাড়িয়ে গেছে। আর রাজস্থানের হয়ে ১০ কোটি রুপিতে খেলা জস বাটলার এবার গুজরাট টাইটান্সে জায়গা পেয়েছেন ১৫.৭৫ কোটিতে।

স্টার্কের দামে ধস, শামির উত্থান

অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের দাম এবার ১১.৭৫ কোটি রুপিতে নেমে এসেছে। আগের আসরে কলকাতা তাকে ২৪.৭৫ কোটিতে দলে নিয়েছিল। তবে ভারতীয় পেসার মোহাম্মদ শামির দাম বেড়ে ১০ কোটি রুপিতে পৌঁছেছে, যাকে সানরাইজার্স হায়দরাবাদ দলে নিয়েছে।

ক্ষতিগ্রস্ত রাহুল ও ঈশান

লোকেশ রাহুল ও ঈশান কিষাণের পারিশ্রমিকে ছিল বড় পতন। আগের আসরে যথাক্রমে ১৭ কোটি ও ১৫.২০ কোটি রুপিতে বিক্রি হওয়া এই দুই ক্রিকেটার এবার বিক্রি হয়েছেন ১৪ কোটি ও ১১.২৫ কোটিতে।

পেসারদের বাজার চড়া

আর্শদীপ সিং, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের মতো পেসারদের পারিশ্রমিক বেড়েছে। বিশেষ করে আর্শদীপকে ১৮ কোটি রুপিতে দলে ফিরিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস।

নিলামের দ্বিতীয় দিনে অপেক্ষা আরও খেলোয়াড়দের জন্য। প্রথম দিনের উত্তেজনার পর দেখার বিষয়, কারা দল পান এবং কারা থেকে যান অবিক্রিত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ