পাবনা সাঁথিয়া উপজেলায় বাকুল ইসলাম (৪৫) নামের আত্মসমর্পণ করা চরমপন্থি দলের সাবেক এক নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের রাউতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাকুল ইসলাম ওই উপজেলার রাউতি গ্রামের রওশন আলীর ছেলে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশিচত করেছেন। তিনি জানান, রোববার রাতে বাকুল ইসলাম ঘোড়ার গাড়িতে স্থানীয় জালাল মাস্টারের ধান নিয়ে পৌঁছে দিয়ে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
প্রসঙ্গত, চলতি নভেম্বর মাসেই পাবনা জেলা চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। এছাড়াও এ মাসেই পদ্মা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। ফলে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবহিত দেখা দিয়েছে।



















